মাগুরা সদর উপজেলায় পূর্বের একটি হত্যা মামলার জেরে এক ব্যক্তির ওপর বর্বরোচিত হামলার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে মাগুরা সদর হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
অভিযোগকারী মো. লিয়াকত মোল্যা জানান, তাঁর ভাই শরিফুল হত্যা মামলার আসামিরা দীর্ঘদিন ধরে তাঁদের পরিবারকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দিয়ে আসছিল। গত ২৯ এপ্রিল বিকেলে তাঁর বাবা একটি জানাজা শেষে বাড়ি ফেরার পথে ভাঙ্গুড়া এলাকায় পৌঁছালে একদল সন্ত্রাসী তাঁর পথরোধ করে।
লিয়াকতের দাবি, হামলাকারীরা ধারালো অস্ত্র ও লোহার রড দিয়ে তাঁর বাবাকে কুপিয়ে দুই পা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। তাঁকে মৃত ভেবে ফেলে রেখে যাওয়ার পর স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হামলায় জড়িতরা একই দিনে ভুক্তভোগীর বাড়িঘর ও একটি দোকানে ঢুকে ভাঙচুর চালিয়ে প্রায় চার লাখ টাকার ক্ষতি করেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আশিকুর রহমান বলেন, লিয়াকত মোল্যা নামের এক ব্যক্তি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ওসি আরও জানান, অভিযোগে একজন অপ্রাপ্তবয়স্কের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। সে প্রকৃতপক্ষেই ঘটনার সঙ্গে জড়িত কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার নেপথ্যে পূর্বের হত্যা মামলার বিরোধের বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।
জেএইচআর