খাগড়াছড়ির পানছড়িতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পানছড়ি উপজেলা জামায়াতের আমিরসহ উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন।
রোববার দুপুরে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার ও মোল্লাপাড়া ব্রিজ এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে পানছড়ি বাজারের জিয়া স্কোয়ার এলাকায় যানজটের মধ্যে মোটরসাইকেল ওভারটেক করা নিয়ে উপজেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক আল-আমিন এবং উপজেলা জামায়াতের আমির জাকির হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে জাকির হোসেনের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে তিনি মাথায় গুরুতর আঘাত পান।
পরবর্তীতে এই ঘটনার জেরে মোল্লাপাড়া ব্রিজ এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়। সেখানে জামায়াতের উল্টাছড়ি ইউনিটের সভাপতি সৈয়দ মজনুর ওপর হামলার অভিযোগ ওঠে।
জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান এই ঘটনাকে ‘পরিকল্পিত হামলা’ বলে দাবি করেছেন। তিনি জানান, তাদের উপজেলা আমিরের মাথা ফেটে গেছে এবং নেতাকর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে ভিন্ন দাবি করেছেন পানছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইউছুফ আলী। তিনি জানান, এটি কোনো রাজনৈতিক সংঘাত নয়, বরং দুই ব্যবসায়ীর ব্যক্তিগত বিরোধ থেকে সৃষ্ট একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনায় বিএনপিরও দুই কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মোটরসাইকেল ওভারটেক করার মতো তুচ্ছ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছিল। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জেএইচআর