হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা শামীম কারাগারে

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি প্রকাশিত: মে ৪, ২০২৬, ০৮:১৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা শামীম আল মামুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

সোমবার সকালে টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মির্জাপুর আমলি আদালতে জামিনের আবেদন করে আত্মসমর্পণ করলে আদালতের বিচারক সাগর তালুকদার জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মির্জাপুর পৌরসভার পোষ্টকামুরী গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেনের ছেলে শামীম আল মামুন (৪৬)। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের আহ্বায়ক।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট মির্জাপুর হাইওয়ে থানার সামনে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলছিল। পুলিশ বিক্ষুব্ধ ছাত্র-জনতাকে ছত্রভঙ্গ করতে গুলি চালায়। পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার কলেজ ছাত্র ইমন নিহত হন এবং মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের লালবাড়ি গ্রামের কিশোর হিমেলের দুই চোখ অন্ধ হয়।

ওই ঘটনায় টাঙ্গাইল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পৃথক দুটি মামলা দায়ের করেন ইমনের ভাই সুমন এবং হিমেলের মা নাছিমা বেগম। ওই দুটি মামলায় আওয়ামী লীগ নেতা শামীমকে আসামি করা হয়েছে। দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সোমবার শামীম আদালতে আত্মসমর্পণ করেন।

টাঙ্গাইল জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম রিপন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের এই নেতা মির্জাপুরে জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত হত্যাসহ একাধিক মামলার পলাতক আসামি। তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এএন