মাগুরার শ্রীপুর উপজেলার আমতৈল ও নহাটা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এ সংঘর্ষে বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তার ও সামাজিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা চলছিল। এরই ধারাবাহিকতায় রাতে সংঘর্ষ শুরু হয়ে কয়েক ঘণ্টা ধরে চলতে থাকে। এ সময় উভয় পক্ষের বাড়িঘরে হামলা, ভাঙচুরের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, অন্তত ৯ থেকে ১০টি বসতঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক গরু-ছাগল পুড়ে মারা যাওয়ার দাবিও করেছেন স্থানীয়রা।
তবে এসব ঘটনায় কারা জড়িত, তা নিয়ে উভয় পক্ষই একে অপরকে দায়ী করছে। একটি পক্ষের দাবি, পরিকল্পিতভাবে হামলা চালিয়ে তাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত করা হয়েছে। অন্যদিকে পাল্টা অভিযোগে বলা হচ্ছে, দীর্ঘদিনের বিরোধ ও স্থানীয় আধিপত্য বিস্তারের দ্বন্দ্ব থেকেই এই সংঘর্ষের সূত্রপাত।
সংঘর্ষ চলাকালে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ বিষয়ে শ্রীপুর থানার ওসি জানান, এটি মূলত সামাজিক বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত ঘটনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করেছে এবং বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এএন