কালিয়াকৈরে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ ৩ মাদককারবারি আটক

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি প্রকাশিত: মে ৭, ২০২৬, ০১:১১ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা মোল্লাপাড়া ও মৌচাক এলাকা থেকে ৩ জন মাদককারবারিকে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ। বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে আটক করে। 

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযানে মাদক বিক্রির সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ লাখ ৬১ হাজার টাকা, ২০০ গ্রাম গাঁজা, ১০০ পিস ইয়াবা ও ৮০ পিস ট্র্যামাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, কালিয়াকৈর উপজেলার মোল্লাপাড়া এলাকার নিজাম উদ্দিনের ছেলে আশরাফুল আলম ওরফে আসাম উদ্দিন (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার জুলাইপাড়া এলাকার মৃত শহীদ মিয়ার ছেলে বাবুল হোসেন (৩৫)। তিনি চন্দ্রার মোল্লাপাড়া এলাকায় বসবাস করতেন। এছাড়া টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার কামাল মিয়ার ছেলে জুয়েল রানা (২৮)। তার কাছ থেকে ৮০ পিস ট্র্যামাডল উদ্ধার করা হয়। তিনি মৌচাক এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, “গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা সিসি ক্যামেরা ব্যবহার করে কৌশলে মাদক বিক্রি করত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

এএন