সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২৬, ১০:০৭ এএম
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে এক এইচএসসি পরীক্ষার্থীসহ দুই বাংলাদেশির নিহত হওয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার গভীর রাতে উপজেলার পাথারিয়াদ্বার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে বিজিবি এখন পর্যন্ত একজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।

নিহতদের একজন মোরছালিন, যিনি গোপীনাথপুর শাহআলম ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি ধজনগর এলাকার বাসিন্দা। অপর নিহত নবীর হোসেনের বাড়ি উপজেলার মধুপুর গ্রামে বলে জানা গেছে।

স্থানীয়দের দাবি, রাতে কয়েকজন ব্যক্তি সীমান্তসংলগ্ন এলাকায় গেলে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে মোরছালিন ঘটনাস্থলেই নিহত হন। আহত অবস্থায় আরও কয়েকজনকে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ রয়েছে। পরে নবীর হোসেনও মারা গেছেন বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।

পরিবারের সদস্যরা জানান, নিহতদের মরদেহ ভারতের আগরতলার একটি হাসপাতালে রাখা হয়েছে। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেলেও তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে সীমান্ত এলাকায় গুলির ঘটনার বিষয়ে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, একজন নিহত হওয়ার তথ্য তারা পেয়েছেন এবং বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসনও ঘটনাটি তদন্ত করে দেখছে বলে জানিয়েছে।

ঘটনার পর সীমান্তবর্তী এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

এএন