অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, মাগুরায় দুই বিরিয়ানি প্রতিষ্ঠানকে জরিমানা

মিরাজ আহমেদ, মাগুরা প্রকাশিত: মে ১১, ২০২৬, ১২:০৩ এএম

মাগুরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও ক্ষতিকর রঙ ব্যবহারের দায়ে জনপ্রিয় দুটি বিরিয়ানি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

রোববার দুপুরে সদর উপজেলার চৌরঙ্গী মোড় ও নান্দুয়ালী এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ‘হাজী বিরিয়ানি’ ও ‘নান্না বিরিয়ানি’ প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে দেখা যায়, অত্যন্ত নোংরা পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া খাবারে নিষিদ্ধ কৃত্রিম রঙ ব্যবহার এবং কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানার প্রমাণ পান কর্মকর্তারা। একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার রাখা ছিল।

ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে নান্না বিরিয়ানিকে ১০ হাজার এবং হাজী বিরিয়ানিকে ১০ হাজার মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ তাৎক্ষণিকভাবে এই অর্থ আদায় করেন এবং প্রতিষ্ঠান দুটিকে চূড়ান্ত সতর্কবার্তা প্রদান করেন।

অভিযান শেষে বাজারের অন্যান্য ব্যবসায়ীদের নকল পণ্য বর্জন, সঠিক মূল্যতালিকা প্রদর্শন এবং অতিরিক্ত মুনাফা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। নিরাপদ খাদ্য কর্মকর্তা ও জেলা পুলিশের সহায়তায় পরিচালিত এই অভিযান জনস্বার্থে নিয়মিত অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।

জেএইচআর