আরিফা সুলতানা

জীবন দিয়ে হলেও অবহেলিত পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করতে চাই

মো. মেহেদী হাসান, ভাঙ্গুড়া (পাবনা) প্রকাশিত: মে ১৩, ২০২৬, ১২:১৩ পিএম

পাবনা-সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত এমপি এডভোকেট আরিফা সুলতানা রুমা বলেছেন, জীবন দিয়ে হলেও অবহেলিত পাবনা-৩ এলাকার উন্নয়নে কাজ করতে চাই। আপনারা শুধু জানাবেন কোথায় কী উন্নয়ন করতে হবে। আপনাদের সঙ্গে নিয়ে হাতে হাত ধরে গ্রাম-গঞ্জে, মাঠে-ঘাটে ঘুরে এলাকার উন্নয়নে অবদান রাখতে চাই। 

মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর ঐতিহাসিক বালুচর মাঠ সংলগ্ন মঞ্চে চাটমোহর, ভাঙ্গুড়া, ফরিদপুর উপজেলা তথা পাবনা-৩ আসনের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যের শুরুতে তিনি তাকে এমপি নির্বাচিত করায় সর্বপ্রথম মহান রাব্বুল আলামীন, এরপর বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রয়াত দেশনেত্রী খালেদা জিয়া, বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, মনোনয়ন বোর্ডের সদস্যবৃন্দ, জন্মদাতা পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাবনা-৩ এলাকার সর্বস্তরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি আরও বলেন, “আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকের রুমা হতে পেরেছি। আমি আপনাদের সন্তান, আপনাদের সঙ্গে থাকতে চাই। অবহেলিত জনপদের উন্নয়ন করতে চাই। আপনাদের হাত ধরে চলতে চাই। আমাকে আপনাদের সন্তান, বোন ও ভগ্নি হিসেবে দেখবেন। কোথায় কী করতে হবে আমাকে জানাবেন।”

এডভোকেট আরিফা সুলতানা রুমা সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ এলাকায় আসেন। তিনি ঢাকা থেকে সড়কপথে বিকেল ৫টার দিকে কাছিকাটা টোলপ্লাজা এলাকায় পৌঁছালে বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ফুলেল শুভেচ্ছা জানান এবং মোটরসাইকেল শোভাযাত্রা ও স্লোগান সহকারে তাকে চাটমোহরে নিয়ে আসেন। এ সময় সংসদ সদস্য রুমা ছাদখোলা গাড়িতে দাঁড়িয়ে হাত নেড়ে সবাইকে শুভেচ্ছা জানান।

চাটমোহরে পৌঁছে তিনি প্রথমে আফ্রাতপাড়া কবরস্থানে পিতা-মাতার কবর জিয়ারত করেন। এ সময় তার আত্মীয়-স্বজন, মহল্লার মুসল্লি ও বিএনপি নেতৃবৃন্দ দোয়ায় অংশ নেন।

এরপর গাড়িবহর নিয়ে তিনি চাটমোহর খেলার মাঠ সংলগ্ন মঞ্চে পৌঁছালে স্লোগানে মুখরিত নেতা-কর্মীরা তাকে মঞ্চে নিয়ে যান। সেখানে মাগরিবের আজানের পূর্বমুহূর্তে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ ফুলের মালা ও ফুলের তোড়া দিয়ে সংসদ সদস্য এডভোকেট আরিফা সুলতানা রুমাকে শুভেচ্ছা জানান।

এএন