দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শালখুরিয়া ইউনিয়নে ধান কাটার যন্ত্র বা হারভেস্টার মেশিনে চাঁদাবাজির অভিযোগকে কেন্দ্র করে আলোচিত ঘটনার পর সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ৪ নম্বর শালখুরিয়া ইউনিয়ন ছাত্রদলের মো. ইকবাল হোসেন ও আলমগীর জয়কে প্রাথমিক সদস্যপদসহ সব ধরনের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, গত ১৫ মে রাতে বড় তেতুলিয়া গ্রামে ধান কাটার মেশিন থেকে চাঁদা দাবির অভিযোগ ওঠে কয়েকজন ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনতার মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তদের ধরে গণধোলাই দেয় জনতা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তাদের উদ্ধার করে। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে।
এর পরপরই বিষয়টি নিয়ে সাংগঠনিকভাবে আলোচনা করে সিদ্ধান্ত নেয় ছাত্রদল। অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার দায়ে মো. ইকবাল হোসেন ও আলমগীর জয়কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল জানান, ছাত্রদলের নাম ব্যবহার করে কোনো ধরনের চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড কিংবা সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না। সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা অব্যাহত থাকবে।
এদিকে এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই মনে করছেন, ঘটনার পর দ্রুত বহিষ্কারের সিদ্ধান্তের মাধ্যমে সংগঠন একটি কঠোর বার্তা দিয়েছে।
জেএইচআর