মাদারীপুরে এক ব্যতিক্রমী উদ্যোগের মাধ্যমে সর্বস্তরের মানুষের প্রশংসা কুড়িয়েছেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী জাহান। আজ শনিবার পাঁচখোলা মুক্তিসেনা হাই স্কুলে একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে তিনি সরাসরি কৃষকের মাঠে নেমে ধান কাটায় অংশ নেন।
শনিবার সকালে পাঁচখোলা মুক্তিসেনা হাই স্কুল প্রাঙ্গণে দুস্থ মানুষের জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
সংসদ সদস্য জাহান্দার আলী জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ক্যাম্পের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি আনুষ্ঠানিকতা ভেঙে সোজা চলে যান পাশের সোনালী ফসলের মাঠে। সেখানে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ ও কৃষকদের সাথে নিয়ে হাতে কাস্তে তুলে নেন এবং ধান কাটতে শুরু করেন।
সংসদ সদস্যকে এভাবে নিজেদের পাশে পেয়ে সোনালী ধানের মাঠে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয় কৃষকেরা জানান, সচরাচর বড় নেতাদের এভাবে মাঠে নামতে দেখা যায় না। এই দৃশ্য দেখে তাঁরা অত্যন্ত আনন্দিত ও উদ্বেলিত।
কৃষকদের মতে, যিনি কৃষকের কষ্ট ও ঘাম বোঝেন, তিনিই সত্যিকারের জনতার প্রতিনিধি। বিএনপির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ধান কাটায় অংশগ্রহণ করে তিনি প্রমাণ করেছেন, নেতৃত্ব মানে দূরত্ব বজায় রাখা নয়, বরং মানুষের সাথে মিশে যাওয়া।
জেএইচআর