ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘন করায় চাঁদপুরে একটি খাবার তৈরির কারখানা ও একটি ফার্মেসিকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে শহরের পুরান বাজারে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে নষ্ট-পচা ডিম ব্যবহার, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্য উৎপাদন এবং মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন বিভিন্ন ধরনের খাবার তৈরির অপরাধে ‘আলম ফুড প্রোডাক্টস’ নামক কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে ড্রাগ লাইসেন্স নবায়ন ছাড়া ব্যবসা পরিচালনা এবং নিজেই বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রাইব করার অপরাধে ‘মেসার্স মিতা মেডিকেল হল’-এর স্বত্বাধিকারী রণজিৎ দেবনাথকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে কারখানা থেকে উদ্ধার হওয়া নষ্ট ও পচা ডিমগুলো তাৎক্ষণিকভাবে ধ্বংস করা হয়। এ ছাড়া নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠান পরিদর্শন করার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি এবং ভোক্তা অধিকারবিরোধী কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।
চাঁদপুর জেলা পুলিশের একটি চৌকস দল এই অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে। জনস্বার্থে এই ধরনের বাজার তদারকি ও সচেতনতামূলক অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
জেএইচআর