চুয়াডাঙ্গার জীবননগরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক লিখন হোসেন (২৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
সোমবার রাজধানী ঢাকার হোম কেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিহত লিখন হোসেন জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের ফজলুল হকের ছেলে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৩ মে) লিখন হোসেন ইজিবাইক চালিয়ে যাওয়ার সময় জীবননগর উপজেলার উথলী বিজিবি ক্যাম্পের সামনে একটি দ্রুতগামী মাইক্রোবাস তার ইজিবাইককে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালকসহ নারী ও শিশুসহ মোট ছয়জন গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে লিখন হোসেনের অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। পরে একই দিন রাতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।
ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। এদিকে, দুর্ঘটনায় আহত অপর পাঁচজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
লিখন হোসেনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে পরিবার ও স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে আসে। মরদেহ ঢাকায় থেকে নিজ গ্রাম সেনেরহুদায় আনার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পরিবার।
এম জি