নবীগঞ্জে ডাকাতের বাড়ি পুড়িয়ে ও মাদকের আস্তানা উচ্ছেদ করল গ্রামবাসী

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১, ২০২৬, ০৪:২৯ পিএম

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মধ্যরাতে একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় আরও দুটি মাদক কারবারির আস্তানায় ভাঙচুর চালিয়ে সেগুলো উচ্ছেদ করেছে বিক্ষুব্ধ গ্রামবাসী।

রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার কালিয়াভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার নানা অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে বলে অভিযোগ তোলেন স্থানীয় বাসিন্দারা। একপর্যায়ে সভায় উপস্থিত উত্তেজিত জনতা তাঁর বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

অভিযোগ রয়েছে, সভা শেষ হওয়ার পর একদল গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন ধরিয়ে দেন। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জ ফায়ার সার্ভিস ও নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনে ঘরটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এই ঘটনার পরপরই এলাকার চিহ্নিত মাদক কারবারিদের ঘরবাড়িতেও বিক্ষুব্ধ জনতা ভাঙচুর চালিয়ে তাদের উচ্ছেদ করে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, একাধিক ডাকাতি মামলার আসামি ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

জেএইচআর