বগুড়ার শাজাহানপুরে উপজেলা বিএনপির সদস্য মো. নজরুল ইসলাম (৪২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইন্তেকাল করেছেন। শনিবার বেলা ১টার দিকে উপজেলার মাঝিরা ইউনিয়নের ডোমনপুকুর বুদপাড়া গ্রামে তার নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ইসলাম তার নতুন বাড়িতে বিদ্যুতের তার মেরামতের কাজ করছিলেন। কাজের একপর্যায়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হঠাৎ সহকর্মীর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করে উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক আতাহার আলী কাইয়ুম জানান, নজরুল ইসলাম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন।
তিনি শাজাহানপুর উপজেলা বিএনপির সদস্য এবং মাঝিরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি আমাদের সঙ্গে থেকে দলীয় কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করতে গিয়ে একাধিকবার কারাবরণও করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যাসন্তান, আত্মীয়-স্বজন, রাজনৈতিক সহকর্মী ও অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। তার আকস্মিক মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
এ ঘটনায় শাজাহানপুর উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক শাহীন ও সাধারণ সম্পাদক আজিজুর রহমান বিদ্যুৎসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এএন