মিরপুরে বিশেষ অভিযানে দুই ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সাইদুর রহমান, মিরপুর (কুষ্টিয়া) প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৬:০৪ পিএম

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতা ও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত রাতে মিরপুর থানার অধীন আমলা পুলিশ ক্যাম্প ও কাকিলাদহ পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে মিরপুর উপজেলা ছাত্রলীগের সদ্য সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মুস্তাক (২৫) ও ছাত্রলীগ কর্মী হাবিব (২১)কে গ্রেপ্তার করা হয়।

বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়। সম্প্রতি কুষ্টিয়া জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল ও সাংগঠনিক তৎপরতার অভিযোগের প্রেক্ষাপটে এ অভিযান পরিচালনা করা হয় বলে পুলিশ জানায়।

মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ১৮(১) ধারার ক্ষমতাবলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আজ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং অপরাধ দমনে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এএন