কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ভাঙচুর, লুটপাট ও হামলার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। তারা অভিযোগ করেন, একটি মামলায় জামিনে মুক্তি পাওয়ার পরও প্রতিপক্ষের ভয়ভীতি ও নির্যাতনের কারণে নিজ বাড়িতে বসবাস করতে পারছেন না।
শনিবার বিকাল ৪টায় উত্তর ফেকামারা নয়াপাড়া এলাকায় ভুক্তভোগী পরিবারের উদ্যোগে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী সবুজ মিয়া। তিনি বলেন, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার পর বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে হাইকোর্ট থেকে তিনি ও তার পরিবারের আরও পাঁচ সদস্য জামিনে মুক্তি পান। কিন্তু জামিন লাভের পরও প্রতিপক্ষ গং তাদের ওপর নানা ধরনের নির্যাতন চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
সবুজ মিয়ার দাবি, প্রতিপক্ষ তাদের ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে এবং পরিবারের সদস্যদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। পাশাপাশি বিভিন্ন কৌশলে তাদের নিজ পৈত্রিক ভিটায় বসবাসে বাধা দেওয়া হচ্ছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন এবং পরিবারটির জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এএন