মীরসরাইয়ে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৭:৩২ পিএম

চট্টগ্রামের মীরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মজিবুল হক (৭২) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (৬ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাই ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মজিবুল হক উপজেলার ১২ নম্বর খৈয়াছরা ইউনিয়নের পশ্চিম খৈয়াছরা গ্রামের বাসিন্দা এবং আব্দুল হকের ছেলে।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে তিনি বাড়ি থেকে বাজারের উদ্দেশ্যে বের হন। মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে মীরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুজ্জামান বলেন, বড়তাকিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় মজিবুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এম জি