ফরিদগঞ্জে মামলা প্রত্যাহার ও ওসির অপসারণ দাবিতে এমপি সমর্থিতদের বিক্ষোভ

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২৬, ০৮:০৮ পিএম
ফরিদগঞ্জে মামলা প্রত্যাহার ও ওসির পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

চাঁদপুরের ফরিদগঞ্জে সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে এবং মামলার বাদীকে গ্রেপ্তার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন) বিকেলে ফরিদগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে থানা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা সমবায় সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম নান্টুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন বিএনপি থেকে বহিষ্কৃত নেতা নুরুল ইসলাম নজু পাটওয়ারী, আমানত গাজী, সাবেক উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন সিপন এবং সাবেক পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী।

বক্তারা অভিযোগ করে বলেন, স্থানীয় সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের সমর্থক নেতাকর্মীদের বিরুদ্ধে আওয়ামী লীগের লোক আবুল খায়ের পাটওয়ারী বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। মামলার বাদী আবুল খায়ের পাটওয়ারীকে গ্রেপ্তার এবং সংশ্লিষ্ট মামলার নিরপেক্ষ তদন্তের দাবি জানান।

তারা আরও বলেন, গত ৩১ মে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির সময় উপজেলা চত্বরে ককটেল বিস্ফোরণ ও হামলার ঘটনা ঘটলেও জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তাদের ওপর হামলার ঘটনার পরও উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তারা ওসি মো. হেলাল উদ্দিনের অপসারণ দাবি করেন। একই সঙ্গে ৪৮ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন।

সমাবেশে সংসদ সদস্য আলহাজ এম এ হান্নানের সমর্থক বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা ফরিদগঞ্জে রাজনৈতিক পরিবেশ উত্তপ্ত ও উসকানিদাতা আবুল খায়ের কর্তৃক দেওয়া মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও তাকে গ্রেপ্তারের দাবিতে ব্যানারের মাধ্যমে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এম জি