বড়লেখায় ব্র্যাকের উদ্যোগে হাঁস-মুরগি পালন প্রশিক্ষণ, সনদ বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি প্রকাশিত: জুন ১০, ২০২৬, ০৯:১৪ পিএম

মৌলভীবাজারের বড়লেখায় কিশোরীদের আত্মকর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং আর্থিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণে ‘স্বপ্নসারথী’ কিশোরী দলের শতাধিক সদস্য আগ্রহ ও সক্রিয়তার সঙ্গে অংশগ্রহণ করেন।

কর্মশালাটি পরিচালনা করেন যুব উন্নয়নের ভ্রাম্যমাণ প্রশিক্ষক মো. এমরান আহমেদ। প্রশিক্ষণে হাঁস-মুরগি পালনকে লাভজনক ও সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে গড়ে তোলার বিভিন্ন কলাকৌশল, আধুনিক খামার ব্যবস্থাপনা, রোগবালাই প্রতিরোধ এবং খাদ্যের সঠিক ব্যবহার সম্পর্কে হাতে-কলমে ধারণা দেওয়া হয়।

আয়োজকরা জানান, ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির মাধ্যমে কিশোরীদের হাঁস-মুরগি পালনের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করা হচ্ছে, যা তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি করবে। কিশোরীরা অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হলে পরিবার ও সমাজে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। পাশাপাশি বাল্যবিবাহ, শিক্ষাজীবন থেকে ঝরে পড়া এবং বিভিন্ন সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে সচেতন ও দৃঢ় অবস্থান নিতে সক্ষম হবে।

আয়োজকদের মতে, এ ধরনের প্রশিক্ষণ কিশোরীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে গড়ে তোলার পাশাপাশি অর্থনৈতিক স্বাবলম্বিতার নতুন দিগন্ত উন্মোচন করবে।

ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির বড়লেখা কাঁঠালতলী অফিসের অফিসার অল্লিকা দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন সাংবাদিক ও মানবাধিকারকর্মী মো. রুয়েল কামাল এবং কমিউনিটি অর্গানাইজার শামীমা আক্তার।

এ সময় বিভিন্ন গণমাধ্যমকর্মী, প্রশিক্ষণার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ শেষে অর্ধশত প্রশিক্ষণার্থীর হাতে সনদপত্র তুলে দেওয়া হয়।

এম জি