জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার ৭ সদস্যবিশিষ্ট অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে। এতে পদাধিকারবলে জেলা প্রশাসককে সভাপতি এবং স্থানীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠক আলী হায়দার বাবলুকে সদস্য সচিব করা হয়েছে।
সম্প্রতি জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া শাখার নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
অনুমোদনপত্রে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (১৫)-এ উল্লিখিত স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের ওপর অর্পিত ক্ষমতাবলে বান্দরবান পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। পরিষদের চেয়ারম্যান জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর ধারা ২ (৪) ও ৮ অনুযায়ী এ অনুমোদন প্রদান করেন।
কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন বান্দরবান জেলার পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং মো. জাহাঙ্গীর আলম। আলী হায়দার বাবলুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অনুমোদনপত্রে আরও উল্লেখ করা হয়, স্থানীয় ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে উল্লেখিত পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য অ্যাডহক কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ক্রীড়াবিদ জানান, নতুন এ কমিটির মাধ্যমে দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা বিভিন্ন ক্রীড়া কার্যক্রমে গতি ফিরে আসবে। বিশেষ করে জেলার ফুটবল, ক্রিকেট, অ্যাথলেটিক্সসহ বিভিন্ন খেলাধুলার উন্নয়ন, খেলোয়াড় বাছাই, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা এবং প্রতিযোগিতা আয়োজনের ক্ষেত্রে কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তারা আশা প্রকাশ করেন।
সদস্য সচিব মনোনীত হওয়ার পর আলী হায়দার বাবলু বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে তিনি সকল ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করছেন। তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং জাতীয় পর্যায়ে বান্দরবানের ক্রীড়াবিদদের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে কাজ করবেন বলেও তিনি জানান।
এ বিষয়ে জানতে বান্দরবান জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌসের মুঠোফোনে একাধিকবার কল ও খুদে বার্তা পাঠানো হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এম জি