অপসাংবাদিকতা রোধে ঝালকাঠিতে পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময়

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুন ১১, ২০২৬, ১২:১২ পিএম

ঝালকাঠিতে অপ-সাংবাদিকতা এবং বহিরাগত পরিচয়ে সাংবাদিকতার অপব্যবহার রোধে করণীয় নিয়ে জেলা পুলিশ সুপারের সঙ্গে মতবিনিময় করেছেন প্রেসক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা।

বুধবার বেলা ১১টার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমানের সঙ্গে ঝালকাঠি প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদকবৃন্দ অংশ নেন।

সভায় জেলার সাংবাদিকতার পরিবেশ, পেশাগত মান রক্ষা এবং অপ-সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এ সময় পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজ ও রাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপ-সাংবাদিকতা প্রতিরোধে জেলা পুলিশ মূলধারার সাংবাদিকদের পাশে থাকবে এবং প্রয়োজনীয় আইনগত সহায়তা দিতে পদক্ষেপ নেবে।

এ সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি মো. আক্কাস সিকদার, বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদের (বিএএসপি) সভাপতি ও সাপ্তাহিক শতকণ্ঠ-এর সম্পাদক জাহাঙ্গীর হোসেন মঞ্জু, প্রেসক্লাবের সহ-সভাপতি ও সাপ্তাহিক দূরযাত্রা-এর সম্পাদক মো. জিয়াউল হাসান পলাশ, দৈনিক ঝালকাঠি বার্তা-এর সম্পাদক মাহবুব আলম এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আ স ম মাহমুদুর রহমান পারভেজ।

উপস্থিত সাংবাদিক নেতারা জেলার গণমাধ্যমের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি সাংবাদিকতার পেশাগত মান ও দায়িত্বশীলতা রক্ষায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এএন