‘থাকলে ইচ্ছা ও বল, ঘটবে না মাদকের ছোবল’- এই প্রতিপাদ্যে কুড়িগ্রামে তিনদিনব্যাপী মাদকবিরোধী ভলিবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কুড়িগ্রাম যুব উন্নয়ন অধিদপ্তরের ভলিবল মাঠে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের আয়োজনে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ।
এ সময় প্রধান অতিথি আলহাজ সোহেল হোসেন কায়কোবাদ বলেন, “মাদক একটি সামাজিক ব্যাধি। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার, সমাজ, প্রশাসন এবং রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ড তরুণদের সুস্থ জীবনধারা গঠনে সহায়ক ভূমিকা পালন করে। মাদকমুক্ত কুড়িগ্রাম গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুড়িগ্রামের উপ-পরিচালক শাহ-নেওয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রশিদ, ডিপিসি জামিল চৌধুরী, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ভোগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ সাইদুর রহমান, গ্রীন ভিলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান এম. রশিদ আলীসহ বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
ফাইনাল খেলায় গ্রীন ভিলেজ স্পোর্টস ক্লাব চ্যাম্পিয়ন এবং বন্ধন মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ভলিবল টিম রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
এ টুর্নামেন্টে কুড়িগ্রাম সদর উপজেলার আটটি যুব ও ক্রীড়া সংগঠন অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় অংশ নেওয়া সব দলকে সৌজন্য ট্রফি প্রদান করা হয়।
শেষে অতিথিরা বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
এএন