জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে কামরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক ঢেউটিন ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে নারায়নপুর ফাঁড়ি পুলিশ। বৃহস্পতিবার দুপুরে দিগপাইত উপশহরে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল তালুকদার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার চালাষ মধ্যপাড়ার মৃত ছাওয়ার তালুকদারের ছেলে। তিনি দীর্ঘ ২০ বছর ধরে উপজেলার দিগপাইত উপ-শহরে বসবাস করে ঢেউটিনের ব্যবসা পরিচালনা করছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মো. সিরাজুল ইসলাম বিএসসি মার্কেটের দ্বিতীয়তলায় তার ভাড়া বাসার দরজা ভেঙে প্রতিবেশীরা কামরুল ইসলাম তালুকদারের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হয়।
দোকান কর্মচারী গোপাল চন্দ্র জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কামরুল ইসলাম তালুকদারের সঙ্গে তার ফোনে কথা হয়েছিল। পরে দুপুর ১টার দিকে তিনি তার সঙ্গে দেখা করতে এসে কক্ষটি ভিতর থেকে আটকানো অবস্থায় দেখতে পান। অনেক ডাকাডাকির পরও সাড়া না পেয়ে তিনি আশপাশের ব্যবসায়ীদের খবর দেন। পরে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পারিবারিক কলহের জেরে প্রায় ৫ বছর আগে স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ ঘটে। তার ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে। বিগত ৫ বছর ধরে তিনি দিগপাইত উপ-শহরের ওই বাসায় একাই বসবাস করছিলেন।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন, লাশের সুরতহাল শেষে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
এম জি