ববি শিক্ষার্থী সুজনের ‘থান্ডারবোল্ট’ প্রকল্প নিয়ে উপাচার্যের সঙ্গে সাক্ষাৎ

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুন ১১, ২০২৬, ০৮:০৭ পিএম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী সুজন চন্দ্র পাল তার উদ্ভাবিত ‘থান্ডারবোল্ট’ প্রকল্প নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে সুজন চন্দ্র পাল তার প্রকল্পের উদ্দেশ্য, প্রযুক্তিগত বৈশিষ্ট্য এবং সম্ভাব্য গবেষণাগত ও উদ্ভাবনী দিকসমূহ উপস্থাপন করেন।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ শিক্ষার্থীর গবেষণা ও উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে বলেন, দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে অগ্রগতির জন্য তরুণ গবেষকদের সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী কর্মকাণ্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি গবেষণাভিত্তিক এ ধরনের উদ্যোগকে উৎসাহিত করার পাশাপাশি প্রয়োজনীয় একাডেমিক ও গবেষণা সহায়তা প্রদানের আশ্বাস দেন।

সুজন চন্দ্র পাল বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন গবেষণা ও উদ্ভাবনী প্রকল্প নিয়ে কাজ করছেন। ‘থান্ডারবোল্ট’ প্রকল্পও তার চলমান গবেষণার একটি অংশ। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে নতুন প্রযুক্তিগত সম্ভাবনা ও গবেষণার ক্ষেত্র উন্মোচনে ভূমিকা রাখবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের ইতিবাচক সহযোগিতা ও উৎসাহ তাকে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম পরিচালনায় অনুপ্রাণিত করবে।

সাক্ষাৎকালে পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. রহিমা নাসরিন, সহকারী অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং গবেষণা ও সম্প্রসারণ অফিসের পরিচালক ড. সোনিয়া খান সনি উপস্থিত ছিলেন।

এম জি