পটুয়াখালীর দুমকি উপজেলা বিএনপি কার্যালয় ভাঙচুর ও হামলার মামলায় উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি এইচ এম প্রিন্সকে জেলহাজতে পাঠানো হয়েছে।
রোববার পটুয়াখালী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আবুবকর তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে এই আদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, মামলার ১২ নম্বর আসামি এইচ এম প্রিন্স আদালতে স্বেচ্ছায় হাজির হয়ে জামিনের আবেদন করেন। বিজ্ঞ বিচারক উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। প্রিন্স দুমকি উপজেলার মৃত সৈয়দ মোতালেবের ছেলে।
উল্লেখ্য, গত ৭ নভেম্বর ২০২৪ তারিখে দুমকি থানায় মো. মোর্তজা বিল্লাহ বাদী হয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে এই মামলাটি (জি আর ৮৪/২০২৪) দায়ের করেন। মামলার এজাহারে বিএনপি অফিস ভাঙচুর, মারধর ও মালামাল চুরির অভিযোগ আনা হয়েছে। এইচ এম প্রিন্স এই মামলার এজাহারভুক্ত ১২ নম্বর আসামি।
জেএইচআর