জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি, জমি ও সড়কের ক্ষতিসাধন এবং শ্রেণির পরিবর্তনের দায়ে মিজান নামের এক ব্যক্তিকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
রোববার দুপুরে উপজেলার ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানটি পরিচালনা করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে এক্সকাভেটর (ভেকু) ব্যবহার করে কৃষিজমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিলেন। এতে কৃষিজমির উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি স্থানীয় গ্রামীণ সড়কেরও ব্যাপক ক্ষতি হয়। এছাড়া মাটি কাটার মাধ্যমে কৃষিজমির শ্রেণি পরিবর্তনের ঘটনাও হাতেনাতে প্রমাণিত হয়।
অভিযানের সময় অভিযোগের সত্যতা পাওয়ায় মোবাইল কোর্ট তাঁকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ জহুরুল হোসেন বলেন, কৃষিজমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধভাবে মাটি কাটা ও জমির শ্রেণি পরিবর্তনের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে আগামীতেও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর