নিখোঁজ হওয়ার তিন দিন পর বরিশালে নাজমুল হোসেন (২২) নামে এক অটোচালক যুবকের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
সোমবার দুপুর ৩টার দিকে বরিশাল নগরীর কালিজিরা নদীর পাড় থেকে বস্তাবন্দী অবস্থায় যুবকের লাশটি উদ্ধার করা হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত নাজমুল হোসেন বিমানবন্দর থানাধীন রায়পাশা কড়াপুর ইউনিয়নের মাকরকাঠি এলাকার আব্দুর রশিদ মোল্লার ছেলে।
বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন-উল ইসলাম জানান, গত ১৩ জুন সকাল ৯টার দিকে নাজমুল নিখোঁজ হন। পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পাশাপাশি বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। আজ দুপুরে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে ফোন পেয়ে পুলিশ কালিজিরা নদীর পাড় থেকে তাঁর বস্তাবন্দী লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার অলক কান্তি শর্মা জানান, প্রাথমিকভাবে মরদেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
নিহতের স্বজনদের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে নাজমুলকে অপহরণের পর হত্যা করা হয়েছে। তাঁরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
কোতয়ালী মডেল থানার ওসি আরও বলেন, মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে এবং সব দিক বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
জেএইচআর