বাংলাদেশের অন্যতম প্রধান শিল্প ও কর্মসংস্থান কেন্দ্র গাজীপুর জেলায় বর্তমানে মোট ৩ লাখ ৯৪ হাজার অর্থনৈতিক ইউনিট এবং ২৫ লাখ ৩০ হাজার কর্মরত জনবল রয়েছে। দেশের শিল্পায়ন, কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই জেলার গুরুত্বপূর্ণ অবদানের চিত্র উঠে এসেছে ‘অর্থনৈতিক শুমারি ২০২৪’-এর তথ্য-উপাত্তে।
সোমবার গাজীপুরের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠিত “অর্থনৈতিক শুমারি ২০২৪: ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার”-এ এসব তথ্য উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, অর্থনৈতিক শুমারির পরিধি আরও বিস্তৃত করতে হবে। ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ও পাড়া-মহল্লার ছোট দোকানগুলোকেও শুমারির আওতায় এনে এ বিষয়ে তাদের মধ্যে সচেতনতা তৈরি করা প্রয়োজন। সাধারণ মানুষের সুবিধার্থে শুমারি বা জরিপে জটিল পরিভাষা পরিহার করে সহজ ও বোধগম্য শব্দ ব্যবহার করা উচিত।
তিনি আরও বলেন, শিল্প প্রতিষ্ঠানের ঘনত্ব এবং শক্তিশালী ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের কারণে গাজীপুর বর্তমানে বাংলাদেশের শিল্প অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে।
গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সালমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) তানিয়া তাবাসসুম এবং গাজীপুর জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মাহনুমা খানম।
এছাড়াও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন। বক্তারা আশা প্রকাশ করেন, অর্থনৈতিক শুমারি ২০২৪-এর তথ্য-উপাত্ত ভবিষ্যতে গাজীপুরসহ দেশের অর্থনৈতিক পরিকল্পনা প্রণয়ন, বিনিয়োগ সম্প্রসারণ এবং কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
জেএইচআর