ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভ-এর আওতায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হলো ‘নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬’।
সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আট দিনব্যাপী এই উৎসবের সূচনা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারায়ণগঞ্জকে “প্রাচ্যের ডান্ডি” হিসেবে উল্লেখ করে এটিকে শিক্ষা ও মেধাচর্চার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জলবায়ু সচেতনতা সৃষ্টিতে এ ধরনের আয়োজন প্রশংসনীয়। বিতর্কের মাধ্যমে একজন শিক্ষার্থী পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ হয়ে উঠবে। এছাড়াও শিক্ষার্থীদের যুক্তিনিষ্ঠ ও বিশ্লেষণী মনোভাব গড়ে তোলার ওপর এই বিতর্ক প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
উদ্বোধনী পর্ব শেষে একটি বিশেষ বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। দিনব্যাপী এই কর্মশালায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬৪টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৬০০ জন শিক্ষার্থী ও ৬০ জন শিক্ষক অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির। উৎসবের সার্বিক পরিকল্পনা ও বাস্তবায়নে নেতৃত্ব দেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন।
জেএইচআর