মাগুরায় মাঠ পর্যায়ের পুলিশিং কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জনসেবার মান তদারকিতে জেলার বিভিন্ন পুলিশ তদন্ত কেন্দ্র ও ক্যাম্প আকস্মিকভাবে পরিদর্শন করেছেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।
সোমবার মহম্মদপুর থানার নহাটা পুলিশ তদন্ত কেন্দ্র, রাজাপুর পুলিশ ক্যাম্প ও বাবুখালী পুলিশ ক্যাম্প পরিদর্শনের পর তিনি মাগুরা সদর থানার শত্রুজিতপুর পুলিশ ক্যাম্পও পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার সংশ্লিষ্ট ইউনিটগুলোর সার্বিক কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র সংরক্ষণ, অস্ত্রশস্ত্র ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও নিরাপত্তা ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার জন্য কর্মকর্তা ও সদস্যদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অধিক কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আরও আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
পরিদর্শনের সময় দায়িত্ব পালনে বিশেষ কৃতিত্ব ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ কয়েকজন পুলিশ সদস্যকে তাৎক্ষণিকভাবে পুরস্কৃত করেন পুলিশ সুপার। এই উদ্যোগে উপস্থিত সদস্যদের মধ্যে উৎসাহ ও কর্মোদ্দীপনা বৃদ্ধি পায় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) থান্দার খায়রুল হাসান, মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), সংশ্লিষ্ট তদন্ত কেন্দ্র ও ক্যাম্পের ইনচার্জসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। মাগুরা জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নয়নে এ ধরনের তদারকি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেএইচআর