বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুন ১৫, ২০২৬, ০৮:২৫ পিএম

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের ১২তম সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বোর্ড রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা। এতে একাডেমিক কাউন্সিলের সদস্যরা সরাসরি উপস্থিত ছিলেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের ডিস্টিংগুইসড প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ অনলাইনে যুক্ত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন একাডেমিক কাউন্সিলের সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল মোহাম্মদ খালেদ বিন ইউসুফ (অব.)।

সভায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমকে আরও গতিশীল করতে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে বিভিন্ন অনুষদ ও বিভাগের কারিকুলাম সংস্কারের অনুমোদন, বিভাগভিত্তিক আসন সংখ্যা বৃদ্ধি, ডিনস কমিটি ও পাঠ্যক্রম কমিটির পুনর্গঠন এবং নিউট্রিশন অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য হ্যান্ডবুক কমিটি গঠন উল্লেখযোগ্য।

এ ছাড়া শিক্ষার মানোন্নয়ন, গবেষণার প্রসার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সভায় বিশেষ সুপারিশ করা হয়।

সভা শেষে উপাচার্য প্রফেসর ড. মো. খাদেমুল ইসলাম মোল্যা বলেন, উচ্চশিক্ষার পাশাপাশি গবেষণা, উদ্ভাবন এবং কর্মমুখী দক্ষতা অর্জনের সুযোগ সৃষ্টি করাই আমাদের অন্যতম লক্ষ্য। তিনি বিশ্ববিদ্যালয়ের এই অগ্রযাত্রায় সবার সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা করছে, এই সভার সিদ্ধান্তসমূহ বাস্তবায়নের মাধ্যমে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত হবে এবং শিক্ষার্থীদের জন্য নতুন দিগন্তের উন্মোচন ঘটবে।

জেএইচআর