ঈশ্বরদীতে পুলিশ হত্যা মামলার অন্যতম আসামি অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তার

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৮:৪৩ পিএম

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে কুখ্যাত সন্ত্রাসী, অবৈধ অস্ত্রধারী ও মাদক কারবারি সেতুকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ঈশ্বরদীর চাঞ্চল্যকর এএসআই (সহকারী উপপরিদর্শক) সুজাউল হত্যা মামলার অন্যতম আসামি।

বুধবার বিকালে ঈশ্বরদী থানার পাকশী পুলিশ ফাঁড়ির একটি দল পাকশী বাবুপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। এ সময় তাঁর কাছ থেকে ১টি ওয়ান শুটারগান, ৪ রাউন্ড তাজা কার্তুজ এবং ৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত সেতু পুলিশের ওপর হামলাসহ পাকশী এলাকার একজন দুর্ধর্ষ সন্ত্রাসী। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তাঁর বিরুদ্ধে পুলিশ হত্যাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে নতুন করে অস্ত্র ও মাদক আইনে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেএইচআর