মারিশ্যা জোনের উদ্যোগে উদয়পুরে জনকল্যাণমূলক সহায়তা ও মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৭, ২০২৬, ০৯:০৮ পিএম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী উদয়পুর, নতুনপাড়া ও কিংকরপাড়া এলাকায় স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময়, জনকল্যাণমূলক সহায়তা প্রদান এবং বিনামূল্যে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করেছে মারিশ্যা জোন (২৭ বিজিবি)। 

বুধবার উদয়পুর বাজারে এই দিনব্যাপী কর্মসূচি ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় মারিশ্যা জোন কমান্ডার লেঃ কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি সভাপতিত্ব করেন। এতে স্থানীয় হেডম্যান, কারবারি, জনপ্রতিনিধিসহ প্রায় দুই শতাধিক পাহাড়ি নারী-পুরুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে জোনের মেডিকেল অফিসার এবং উদয়পুর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন মো. সাজ্জাদ রায়হান আকাশ উপস্থিত ছিলেন।

সভায় জোন কমান্ডার বলেন, উদয়পুর, নতুনপাড়া ও কিংকরপাড়া দীর্ঘদিন ধরে দুর্গম সীমান্তবর্তী এলাকা হিসেবে চিকিৎসা ও শিক্ষাসেবার ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন ছিল। বর্তমানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে সীমান্ত সড়ক নির্মাণ এবং বিজিবির নিয়মিত টহল কার্যক্রমের ফলে স্থানীয় জনগণ নিরাপদে যাতায়াত ও প্রয়োজনীয় সেবা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন স্থানে চলমান অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন), চোরাচালান, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমান্ত সুরক্ষা ও দেশের ভূখণ্ড রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জোন কমান্ডার উল্লেখ করেন, পাহাড়ি জনগণ আমাদের ভাই-বোন। তাদের সার্বিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা আমাদের দায়িত্বের অংশ। সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবির এই জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মতবিনিময় সভা শেষে স্থানীয় জনগণের আবেদনের প্রেক্ষিতে পাহাড়ি নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ করা হয়। এ ছাড়া ১৫টিরও বেশি পরিবারকে ঘর মেরামতের জন্য টিন প্রদান, একটি সুপেয় পানির ট্যাংক স্থাপন এবং ১৫ জনের বেশি অসহায় পাহাড়ি রোগীকে চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।

পরে মারিশ্যা জোনের মেডিকেল অফিসার মেজর অমিত কুমার সাহা, এএমসি-এর নেতৃত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্পে প্রায় দুই শতাধিক অসুস্থ নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে জোন কমান্ডার সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন। স্থানীয় জনগণ বিজিবির এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেএইচআর