জীবননগর উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি অফিসার) ও মনোহরপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মাহমুদুর রহমানের (৩৫) ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে পুলিশ পৌর শহরের বসুতিপাড়ার বহুতল ভবনের ভাড়া বাসার তৃতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
জীবননগর থানা পুলিশ সূত্র জানিয়েছে, মাহমুদুর রহমান ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ঝিটকাপোতা গ্রামের আতাউর রহমানের ছেলে। তিন বছর আগে তিনি জীবননগরে আইসিটি অফিসার পদে যোগদান করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম রাসেল ও থানা অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রী ইতি খাতুনের সঙ্গে বিবাদের কারণে এক সন্তানের জনক মাহমুদুর রহমান আত্মহত্যার পথ বেছে নেন।
জীবননগর থানার ওসি সোলায়মান শেখ মাহমুদুর রহমানের আত্মহত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে থানায় নেওয়া হয়েছে।
এএন