কুড়িগ্রামে ব্যবসায়ী সঞ্চয়ী সমিতির চেক বিতরণ ও আলোচনা সভা

কুড়িগ্রাম প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৪:১২ পিএম

ক্ষুদ্র সঞ্চয়ের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করা কুড়িগ্রাম শহরের ঘোষপাড়া ব্যবসায়ী সঞ্চয়ী সমিতি আজ একটি সফল সংগঠনে রূপ নিয়েছে। ক্ষুদ্র ও বড় ব্যবসায়ীদের প্রতি মাসের সামান্য সঞ্চয় আজ এক বিশাল তহবিলে পরিণত হয়েছে। এই সঞ্চয়ের লভ্যাংশ দিয়ে অনেক ব্যবসায়ী সন্তানদের উচ্চশিক্ষা, ব্যবসা সম্প্রসারণ ও পারিবারিক বিভিন্ন প্রয়োজন মেটাতে সক্ষম হয়েছেন।

শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলা পরিষদের হলরুমে সমিতির আলোচনা সভা ও সঞ্চয়ী চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে তিন বছর মেয়াদী এই সমিতির ১২৬ জন সদস্য ব্যবসায়ীর হাতে জমানো টাকা ও লভ্যাংশের চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. আবদুল আজিজ। ঘোষপাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি অলিল মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক মোস্তাফিজার রহমান রাজু ও কোষাধ্যক্ষ মমিনুল ইসলাম মঞ্জু।

সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বেসরকারি সঞ্চয়ী সমিতিগুলোতে নানা অনিয়ম দেখা গেলেও ঘোষপাড়া ব্যবসায়ী সঞ্চয়ী সমিতি সততা ও সফলতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। আগামীতে এই সমিতিকে আরও আধুনিক ও ডিজিটাল করার আশাবাদ ব্যক্ত করার পাশাপাশি সদস্যদের কল্যাণে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ডে যুক্ত হওয়ার ঘোষণা দেওয়া হয়।

জেএইচআর