মাটিরাঙ্গায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৭:৪৩ পিএম

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মেলার আয়োজন করা হয়। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে তাহমিনা মিতু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এই ফল মেলার শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রধান অতিথি মেলায় অংশ নেওয়া বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং প্রদর্শিত নানা জাতের দেশীয় পুষ্টিকর ফলের খোঁজখবর নেন। তিনি বলেন, আমাদের দেশীয় ফল পুষ্টিগুণে সমৃদ্ধ। নতুন প্রজন্মের কাছে এসব ফলের পরিচিতি বাড়াতে এবং ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করতে এ ধরনের মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাসায়নিকমুক্ত ফল উৎপাদন ও বিপণনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফলের উৎপাদন বৃদ্ধিতে বাড়ির আঙিনায়, শিক্ষাপ্রতিষ্ঠানে বা ছাদে এবং সম্ভাবনাময় সকল ক্ষেত্রে ফলের গাছ রোপণ করতে হবে।

অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাবুদ্দিন আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম রানা, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, ৩ দিনব্যাপী এই মেলায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের চাষিরা তাঁদের উৎপাদিত হরেক রকমের দেশি-বিদেশি ফল নিয়ে স্টল সাজিয়েছেন। মেলাটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।

জেএইচআর