পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী রবিউল আলম। একই সঙ্গে আগামী আগস্টের মধ্যেই ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু করা হবে বলেও তিনি ঘোষণা দেন।
শনিবার (২০ জুন) দুপুরে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা ও সুধী সমাজের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
রেল যোগাযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ঢাকা-পাবনা রুটের লোকোমোটিভ প্রস্তুত রয়েছে। আগামী মাসে কোচ এলেই অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ট্রেন চালু করা হবে। পাশাপাশি ঢাকার সঙ্গে সহজ যোগাযোগ স্থাপনে আরিচা-খাসচর সড়ক প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি এবং ডিপিপি প্রণয়নের কাজও ইতিমধ্যে শুরু হয়েছে।
তিনি আরও বলেন, একে অপরের প্রতিপক্ষ না হয়ে মালিক-শ্রমিকদের সঙ্গে সমন্বিত উদ্যোগের মাধ্যমে পরিবহন খাতে শৃঙ্খলা আনা হবে। এখানে কোনো বিশেষ শ্রেণিকে লালন করা হবে না, প্রাধান্য পাবে জনস্বার্থ ও জনআকাঙ্ক্ষা। খুব দ্রুতই দেশে আন্তর্জাতিক মানের মাল্টি-মোডাল যোগাযোগ ব্যবস্থা দৃশ্যমান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতারা।
এম জি