ঝালকাঠিতে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন

ঝালকাঠি প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৪:১৪ পিএম

ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে ঝালকাঠিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে ঝালকাঠি প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সনাতন ধর্মাবলম্বীদের উপাসনালয় ভাঙচুরের হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির গুঁড়িয়ে দেওয়ার হুমকির ঘটনায় তাঁরা গভীর উদ্বেগ প্রকাশ করে এর তীব্র নিন্দা জানান। অবিলম্বে দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।

জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক ডা. অসীম কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সাধারণ সম্পাদক অলোক সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নির্মল চন্দ্র দে তরণী ও অ্যাডভোকেট মানিক আচার্য্যসহ অন্যান্য নেতৃবৃন্দ। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেএইচআর