ঘিওরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৪:২১ পিএম

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড়টিয়া ইউনিয়নের কলিয়া মধ্যপাড়া গ্রামে আলিফা আক্তার (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বসতঘরে এই ঘটনা ঘটে। নিহত আলিফা ওই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে আলিফাকে ঘরে মুঠোফোনে গেমস খেলতে দেখে তাঁর দাদা বাড়ির কাছের একটি দোকানে যান। দোকান থেকে ফিরে তিনি ঘরের কাঠের আড়ার সাথে আলিফাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে লাশটি নিচে নামায়। স্বজনরা জানান, আলিফা দীর্ঘদিন ধরে নানা শারীরিক ও মানসিক জটিলতায় ভুগছিল।

খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে। ঘিওর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে লাশটি ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

জেএইচআর