ফুটবল বিশ্বকাপের উত্তাপে সবুজ-হলুদ রঙে রেঙেছে মাগুরা শহর। শনিবার বিকেলে ব্রাজিল জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি ও মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বিকেল থেকেই মাগুরার বিভিন্ন এলাকা থেকে ব্রাজিল সমর্থকরা এসে জড়ো হতে থাকেন। পরে ব্রাজিলের জাতীয় পতাকা ও দলের জার্সি পরিহিত সমর্থকদের অংশগ্রহণে র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন এই শোভাযাত্রায় অংশ নেয়।
র্যালিটি মাগুরা সরকারি কলেজের সামনে থেকে শুরু হয়ে ভায়না মোড় ও ঢাকা রোডসহ শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নোমানী ময়দানে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের হাতে ছিল ব্রাজিলের বড় বড় পতাকা। মোটরবাইকে উড়ছিল সবুজ-হলুদ রঙের পতাকা, আর বিশ্বকাপে প্রিয় দলের সাফল্য কামনায় নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো শহর।
র্যালিতে অংশ নেওয়া সমর্থকরা জানান, ফুটবল শুধু একটি খেলা নয়, এটি তাঁদের আবেগ ও ভালোবাসার জায়গা। বিশ্বকাপকে ঘিরে প্রিয় দল ব্রাজিলের প্রতি সমর্থন জানাতেই এই আয়োজন। আয়োজকরা জানান, বিশ্বকাপ চলাকালে ব্রাজিলের খেলা উপলক্ষে জেলাজুড়ে আরও বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।
জেএইচআর