ফেনীতে অ্যাম্বুলেন্সে মদ পাচারের সময় আটক ২

ফেনী প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৫:০৫ পিএম

ফেনীর পরশুরামে অ্যাম্বুলেন্সে করে মাদক পাচারের সময় দুই কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনে ব্যবহৃত একটি ক্লিনিকের অ্যাম্বুলেন্স জব্দ করা হয়। শনিবার সকালে ঢাকাগামী ওই অ্যাম্বুলেন্সে তল্লাশি চালিয়ে ৮টি কার্টনে সুকৌশলে লুকানো ১১৭ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন অ্যাম্বুলেন্স চালক জসিম উদ্দিন (৫১) ও মিনহাজুর রহমান ওরফে অমি (২১)। জসিম পরশুরামের পশ্চিম সাহেবনগর গ্রামের আলী আশরাফের ছেলে এবং অমি দক্ষিণ কোলাপাড়া গ্রামের মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার সকাল সোয়া ৭টার দিকে পরশুরাম মডেল থানার একটি দল ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কের আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিম কলেজ সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। এ সময় ঢাকাগামী সন্দেহভাজন অ্যাম্বুলেন্সটি থামিয়ে তল্লাশি চালালে ভেতরে লুকিয়ে রাখা হুইস্কির বোতলগুলো উদ্ধারসহ দুজনকে হাতেনাতে আটক করা হয়।

পরশুরাম মডেল থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, উদ্ধার করা আলামত জব্দ করে আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। বর্তমানে তাঁরা থানা হেফাজতে রয়েছেন।

জেএইচআর