পাথরঘাটা থানার ওসি এনামুল হক প্রত্যাহার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি প্রকাশিত: জুন ২০, ২০২৬, ০৬:০৮ পিএম

বরগুনার পাথরঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হককে প্রশাসনিক কারণে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। 

শনিবার বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এফ. এম. ফয়সাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. এনামুল হককে প্রশাসনিক কারণে পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ে সংযুক্ত করা হলো। বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার (পাথরঘাটা সার্কেল) মোহাম্মদ শাহেদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

অফিস আদেশে প্রত্যাহারের সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ না করা হলেও এনামুল হকের বিরুদ্ধে স্থানীয় পর্যায়ে বেশ কিছু গুরুতর অভিযোগ রয়েছে। সম্প্রতি ফাতিমা জমাদ্দার অর্পা নামের এক নারী এক বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করতে গিয়ে ওসির কাছে অপদস্ত হওয়ার অভিযোগ তোলেন। আদালতের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মামলা গ্রহণে টালবাহানা ও হয়রানি করার দাবি করেন ওই ভুক্তভোগী।

এছাড়া আদালতের নির্দেশ অমান্য করা, নারী বাদীদের নিয়ে আপত্তিকর মন্তব্য এবং এক নারীকে ফেরাউনের সঙ্গে তুলনা করার অডিও-ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় মহলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

পাশাপাশি স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ ছিল, ওসি এনামুল হক সরকারি মুঠোফোনে অধিকাংশ সময় কল রিসিভ করতেন না। ফলে জরুরি প্রয়োজনে যোগাযোগ করতে গিয়ে অনেকেই চরম ভোগান্তির শিকার হতেন। এসব বিতর্ক ও অভিযোগের মুখে অবশেষে তাঁকে থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইন্সে সংযুক্ত করা হলো।

জেএইচআর