খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাড়ির আঙিনায় থাকা শুকনো নারকেল গাছ ভেঙে পড়ে স্বপ্না সাহা (৫০) নামের এক গৃহিণীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে মাটিরাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বলিটিলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত স্বপ্না সাহা মাটিরাঙ্গা বাজারের ব্যবসায়ী ননী সাহার স্ত্রী। মৃত্যুকালে তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বিকেলে বাড়ির উঠানে আমসত্ত্ব শুকাতে যান স্বপ্না সাহা। এ সময় কিছু বুঝে ওঠার আগেই উঠানে থাকা একটি পুরোনো নারকেল গাছ ভেঙে তাঁর শরীরের ওপর পড়ে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মাটিরাঙ্গা উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়েছে।
মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহেদ উদ্দিন বলেন, নারকেল গাছ ভেঙে পড়ে এক গৃহিণীর মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেনি।
জেএইচআর