টুকু

দেশকে অস্থিতিশীল করতে নতুন করে ষড়যন্ত্র চলছে

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২৬, ১২:৩৯ এএম

ফ্যাসিবাদী শক্তি আবারও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

তিনি বলেন, এখনো রক্তের দাগ শুকায়নি, এর মধ্যেই বিভিন্ন মহল নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তবে জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধ বিএনপি ও জাতীয়তাবাদী শক্তি সব ধরনের অপচেষ্টা মোকাবিলা করবে।

শনিবার (২০ জুন) বিকেলে টাঙ্গাইলের ভূঞাপুর পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেনের শোকসভায় অংশ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকুর ভাষ্য, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে যেভাবে ফ্যাসিবাদী শক্তিকে প্রতিহত করা হয়েছিল, ভবিষ্যতেও দেশবিরোধী যেকোনো ষড়যন্ত্র এবং অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা একইভাবে প্রতিহত করা হবে।

তিনি বলেন, স্বাধীনতার বিরোধিতাকারী এবং গণহত্যার সঙ্গে জড়িত শক্তিগুলো এখন নানা রাজনৈতিক বক্তব্যের মাধ্যমে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। তবে বিএনপির ভিত্তি দেশের সাধারণ মানুষের মধ্যে প্রোথিত থাকায় জনবিচ্ছিন্ন কোনো শক্তির পক্ষে দলটিকে দুর্বল করা সম্ভব নয়।

প্রতিমন্ত্রী আরও বলেন, বিএনপি জনগণের পক্ষে কথা বলে বলেই দেশি-বিদেশি নানা ষড়যন্ত্রের লক্ষ্যবস্তুতে পরিণত হয়। জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার চেষ্টা অতীতেও হয়েছে এবং এখনো হচ্ছে। কিন্তু শেষ পর্যন্ত জনগণের ইচ্ছারই প্রতিফলন ঘটবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিগত সরকারের আমলে দেশে ব্যাপক জুলুম-নির্যাতন চালানো হয়েছে। তার দাবি, সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে জিয়া পরিবার। পাশাপাশি বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও দীর্ঘ সময় ধরে নানা ধরনের হয়রানি ও নির্যাতনের মুখোমুখি হয়েছেন।

শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-2 আসনের সংসদ সদস্য আব্দুস সালাম পিন্টু। উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট গোলাম মোস্তফার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান গিয়াসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

এম জি