নারায়ণগঞ্জের আড়াইহাজারে নিখোঁজের দু’দিন পর মারজিয়া (দেড় বছর) নামে এক শিশু কন্যার লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে বাড়ির পাশের একটি ডোবা থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
নিহত মারজিয়া উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ইদবারদী এলাকার মাইদুলের মেয়ে।
নিহত শিশুর বাবা-মা জানান, গত শনিবার (২০ জুন) বিকেলে বাড়ির আঙিনায় খেলা করার সময় হঠাৎ নিখোঁজ হয় মারজিয়া। এরপর পরিবারের লোকজন আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একপর্যায়ে সন্ধান না পেয়ে তাঁরা হাল ছেড়ে দেন।
আজ সোমবার সকাল ৯টার দিকে প্রতিবেশীরা বাড়ির পাশের ডোবায় শিশুটির লাশ ভাসতে দেখেন। পরে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
এদিকে, নিহত শিশুর পরিবারের অভিযোগ-তাদের শিশু কন্যাকে কেউ পরিকল্পিতভাবে হত্যা করে ডোবায় ফেলে রেখেছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের ওপর ভিত্তি করে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
জেএইচআর