বরিশালে ২৩৪টি কেন্দ্রে শিশুদের খাওয়ানো হবে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল

বরিশাল ব্যুরো প্রকাশিত: জুন ২২, ২০২৬, ০২:৫৯ পিএম

শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ও অপুষ্টিজনিত অন্ধত্ব দূর করার লক্ষ্যে দেশব্যাপী আয়োজিত ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২০২৬’ বাস্তবায়নে বরিশালে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে বরিশাল সিটি কর্পোরেশনের সভাকক্ষে এই অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন। এ সময় তিনি ক্যাম্পেইনটি সফল করার লক্ষ্যে বিস্তারিত কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন মতামত নেন।

সভায় আরও উপস্থিত ছিলেন- বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক লোকমান হাকিম, বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল বারী, সচিব রুম্পা সিকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. খন্দকার মঞ্জুরুল ইমাম শুভ্র, আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মিজ নিলুফা ইয়াসমিন, ইউনিসেফের আঞ্চলিক প্রধান মো. কাওসার হোসাইন, বরিশাল জেলা সিভিল সার্জন ডা. মঞ্জুর ই-এ-ইলাহী এবং ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক নুরুল ইসলামসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ।

সভায় জানানো হয়, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বাস্তবায়নে বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় মোট ২২০টি অস্থায়ী কেন্দ্র এবং ১৪টি স্থায়ী কেন্দ্রের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হবে।

ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ৯৫০ জন শিশুকে নীল রঙের এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৪৯ হাজার ৭৬০ জন শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

বরিশাল সিটি কর্পোরেশনের আয়োজনে অনুষ্ঠিত এই কর্মসূচির বাস্তবায়নে সহযোগিতা করছে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান, জাতীয় পুষ্টি সেবা, স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। এছাড়া সহযোগী সংস্থা হিসেবে রয়েছে ইউনিসেফ ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল।

সভায় বক্তারা ক্যাম্পেইনটি শতভাগ সফল করতে এবং প্রতিটি শিশুর কাছে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পৌঁছে দিতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

জেএইচআর