শিবগঞ্জে প্রগতি কল্যাণ সংস্থার বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

মোহাম্মদ আলী, বগুড়া প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ০৮:১৯ পিএম

পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বগুড়ার শিবগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। 

বুধবার সকালে শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রগতি কল্যাণ সংস্থা’র উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাঠ প্রাঙ্গণে একটি কাঁঠালচাঁপা ফুলের গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়াউর রহমান।

প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি রশিদুর রহমান রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এস এম তাজুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন এবং উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী নাজমুল হক।

সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহসভাপতি রতন কুমার রায়, প্রগতি কল্যাণ সংস্থার সদস্য প্রভাষক মাহফুজুর রহমান ও মোহাম্মদ আলীসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

বৃক্ষরোপণ শেষে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, বৃক্ষ মানুষের অকৃত্রিম বন্ধু। এটি অক্সিজেন সরবরাহের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি পূর্ণবয়স্ক গাছ প্রায় ১০ জন মানুষের প্রয়োজনীয় অক্সিজেন সরবরাহ করতে সক্ষম।

তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তন, বন উজাড়, নদী-খাল দখল ও অপরিকল্পিত উন্নয়নের ফলে পরিবেশ ও জীববৈচিত্র্য বর্তমানে হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতিতে সবুজ পৃথিবী গড়তে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।

জেএইচআর