ভেড়ামারায় মৎস্যচাষিদের মাঝে আধুনিক উপকরণ বিতরণ

হেলাল মজুমদার, ভেড়ামারা প্রকাশিত: জুন ৩০, ২০২৬, ১২:৪৯ পিএম

গ্রামীণ পর্যায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের সম্প্রসারণ এবং উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে চারটি ইউনিয়নে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) আওতায় সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে প্রদর্শনীর আধুনিক উপকরণ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা চত্বরে ভেড়ামারা উপজেলায় সরকারের মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।

উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল আরাফাত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রাশেদ হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক হাসান।

এছাড়াও উপস্থিত ছিলেন অফিসার ইনচার্জ জাহেদুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এমদাদুল হক বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমানসহ উপজেলার অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সরকার মৎস্য খাতের উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে গ্রামীণ অর্থনীতিকে সচল করাই এই প্রকল্পের মূল লক্ষ্য।

প্রকল্পের আওতায় নির্বাচিত সুফলভোগী চাষিদের মাঝে প্রদর্শনীর উপকরণ হিসেবে ৫০০ কেজি উন্নত মানের মাছের খাবার, ১৬০ কেজি মাছের পোনা, ২০০ কেজি খৈল, ১৪০ কেজি চুন এবং ২০০ কেজি সার বিতরণ করা হয়। এছাড়া পুকুরপাড়ে সমন্বিত সবজি চাষের জন্য লালশাক, মিষ্টিকুমড়া ও পুঁইশাকের বীজ এবং পেঁপে ও চায়না লেবুর চারা বিনামূল্যে বিতরণ করা হয়। উপকরণ পেয়ে স্থানীয় মৎস্যচাষীরা সন্তোষ প্রকাশ করেন।

এএন