কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ফেনী জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট হাফেজ আহমদ আর নেই। মঙ্গলবার সকাল ৭টার দিকে শহরের রামপুরস্থ নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ছোট ভাই সরোয়ার মিয়া জানান, আজ বাদ আসর শহরের মিজান ময়দানে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর হোসেন জানান, ফেনী জজ কোর্টের সাবেক পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট হাফেজ আহমদ রাজনীতির পাশাপাশি আইন অঙ্গনেও সবার প্রিয় ছিলেন। তিনি আইনগত সহায়তা নিতে আসা মানুষের কাছে ছিলেন অত্যন্ত মিষ্টভাষী। তিনি কখনো কারও সঙ্গে উচ্চস্বরে কথা বলেছেন, এমন নজির নেই।
তিনি আরও জানান, হাফেজ আহমদ ফেনী ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য, ফেনী রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সদস্য ছাড়াও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।
এএন