পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহিন খসরুকে ঘুষ গ্রহণের মিথ্যা অপবাদ ও হয়রানি করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার সকালে তেঁতুলিয়া উপজেলা পরিষদের সামনে তেঁতুলিয়া উপজেলা অফিসার্স ক্লাবের আয়োজনে এই প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সমাবেশে উপস্থিত কর্মকর্তারা জানান, ইউএনও আফরোজ শাহিন খসরু অত্যন্ত সৎ ও নিষ্ঠাবান কর্মকর্তা। গত ১ বছর ৩ মাস যাবত তিনি তেঁতুলিয়ায় সফলভাবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি তাঁর বদলির খবর প্রকাশ পাওয়ার ৬ দিন পর একটি মহলের ইন্ধনে সামাজিক যোগাযোগমাধ্যমে এই বানোয়াট অপবাদ ছড়ানো হয়েছে। সুষ্ঠু দাপ্তরিক কর্মপরিবেশ নিশ্চিতের স্বার্থে তাঁরা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং তদন্তপূর্বক দোষীদের বিচারের দাবি করেন।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজমুল হক। তিনি বলেন, একজন প্রথম শ্রেণীর কর্মকর্তার বিরুদ্ধে এমন মিথ্যা ও সাজানো অপবাদ দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা অত্যন্ত দুঃখজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শওকত আলী বলেন, উর্মি নামের এক নারী কোনো একটি চক্রের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে সুপরিকল্পিতভাবে ইউএনও স্যারের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়িয়েছেন, যা আমাদের আতঙ্কিত করেছে। আমরা কর্মস্থলে সঠিক পরিবেশের জন্য জনগণের সহযোগিতা কামনা করছি।
এ বিষয়ে তিরনই হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন বলেন, বিগত দুই বছর ধরে ইউএনও স্যারের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছি। কখনো তাঁর মাঝে নীতিহীন কিছু দেখিনি। অথচ একজন ভারসাম্যহীন ও ভবঘুরে নারী কীভাবে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ দেওয়ার দাবি তুলছেন! আমার জানামতে, ওই নারী তাঁর ছেলের জন্য উপজেলা পরিষদে কোনো আবেদনই করেননি।
ঘণ্টাব্যাপী চলা এই প্রতিবাদ সমাবেশে তেঁতুলিয়া উপজেলা কৃষি অফিসার সাবরিনা আফরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জীবন ইসলাম, উপজেলা প্রকৌশলী ইদ্রিস আলী খান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার নবীউল কারিম সরকার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মুক্তার হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু জাফর হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী, উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহজাহান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান এবং তথ্য আপা প্রকল্পের তথ্যসেবা কর্মকর্তা ফাতেমা তুজ জোহরাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জেএইচআর